ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জুলাই সনদ নিয়ে ডেভিড বার্গম্যানের অভিমত

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিফলিত করার দাবি করা ‘জুলাই সনদ’ নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি ২৭ পৃষ্ঠার খসড়া সনদ পড়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। বার্গম্যান মনে করেন, নথিটিতে অনেক প্রস্তাব সাধারণভাবে গ্রহণযোগ্য প্রগতিশীল সংস্কার হিসেবে বিবেচিত হতে পারে। এর লক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা এবং প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতার কেন্দ্রিকতা কমানো।


বার্গম্যানের মূল অভিমতগুলো:


নথিটি জটিল হলেও এতে প্রগতিশীল সংস্কারের প্রস্তাব আছে, যা সংবিধান সংস্কারে আগ্রহীদের সমর্থন পাবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি’ প্রসঙ্গে সনদে কৌশলী অস্পষ্টতা রাখা হয়েছে। এখানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ বাদ না দিয়ে নতুন শব্দ যেমন সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ যোগ করার কথা বলা হয়েছে। ফলে বিতর্ক মীমাংসার সুযোগ ভবিষ্যতের সরকারের হাতে থাকবে। সংসদের দ্বিতীয় কক্ষ গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সহায়ক হতে পারে, তবে বাস্তবে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত।


সনদটিকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা বার্গম্যানের মতে ভুল। তিনি বলেন, বিদ্যমান অগণতান্ত্রিক ও ছোট ছোট রাজনৈতিক দলের ঐকমত্যকে জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রকাশ বলা হাস্যকর। নিহত মানুষের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সনদে বলা হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, তবে সরকারি ও নিরপেক্ষ তথ্য অনুযায়ী প্রকৃত সংখ্যা ৯০০ থেকে ১ হাজারের মধ্যে হতে পারে। তাই সনদে ব্যবহৃত ভাষা সংশোধনের আহ্বান জানান তিনি।


২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডকে আওয়ামী লীগের “রাষ্ট্রীয় নৈরাজ্য ও সন্ত্রাসের” উদাহরণ হিসেবে উল্লেখ করাকে তিনি সমালোচনা করেন। তাঁর মতে, এতে সরকারের অব্যবস্থাপনা থাকতে পারে, তবে ইচ্ছাকৃত হত্যার প্রমাণ নেই। বার্গম্যান শেষ পর্যন্ত বলেন, সনদে কিছু ইতিবাচক সংস্কার প্রস্তাব থাকলেও এটিকে সংবিধানের ওপরে গণ্য করা বা জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রতিফলন বলা ঠিক হবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑